রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশের একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ভবনটিতে ফ্যামিলি বাসা ও মার্কেট উভয়ই রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি। দ্রুত আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা থাকায় আশপাশের এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আরও ইউনিট প্রস্তুত রয়েছে বলেও জানা গেছে।