শফিক আহমেদ সিদ্দিক-এর আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। প্রায় ৮ কোটি ৬৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত চলমান থাকায় এ আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
\r\nদুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক ইসমাইল হোসেন আয়কর নথি জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, শফিক আহমেদ সিদ্দিক ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন। এ অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ২০১৩-১৪ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত তার আয়কর নথি জব্দ করে আয়-ব্যয়ের তথ্য ও সম্ভাব্য অন্যান্য সম্পদের হিসাব যাচাই করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেন।





