বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা এবং তার বাবা শেখ মুজিব বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস এবং মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। তিনি দাবি করেন, তারা দুজনেই একদলীয় ও এক ব্যক্তির স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন।
\r\nতিনি বলেন, শেখ হাসিনা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বিলুপ্ত করে দীর্ঘ ১৫–১৬ বছর একনায়কতান্ত্রিক শাসন চালিয়েছেন। তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি হিসেবে তার শাসনের পতন হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে চকরিয়ার পহরচাদা ম্যারেজ গার্ডেন কমিউনিটি সেন্টারে পহরচাদা ইউনিয়ন বিএনপির আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
\r\nসালাহউদ্দিন আহমদ আরও বলেন, শেখ হাসিনা বর্তমানে তার নিজস্ব আশ্রয় পেয়েছেন দিল্লিতে। তিনি বলেন, “এরা ভারতীয় দল, ভারতীয় সেবা দাস সরকার ছিল। তারা কখনও বাংলাদেশকে স্বাধীন সত্তা হিসেবে স্বীকৃতি দেয়নি। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও প্রকৃতপক্ষে এরা মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। তারা ধর্মপ্রাণ মুসলমানদের ওপর অত্যাচার করেছে, আলেম সমাজকে নির্যাতন ও হত্যা করেছে এবং মূলত ইসলাম বিদ্বেষী সরকারের ভূমিকা পালন করেছে।”





