রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)–এর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুদকের পৃথক দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
\r\nমঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দাখিলকৃত অভিযোগপত্র আমলে নেওয়ার পর আসামিদের অনুপস্থিতির কারণে এই পরোয়ানা জারি করা হয়।
\r\nদুটি মামলায় মোট ২৯ জন আসামি—একটিতে ১২ জন, অন্যটিতে ১৭ জন। আগামী ২৯ এপ্রিল আসামিদের গ্রেপ্তারের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।
\r\nদুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন) আমিনুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
\r\nআসামিদের মধ্যে রয়েছেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহউদ্দিন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শহীদ উল্লা খন্দকার, সাবেক সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, এবং রাজউকের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তা।
\r\n২০২৩ সালের ২৬ ডিসেম্বর শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের পরিবারের সদস্যদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধান শেষে গত ১০ মার্চ এই প্রকল্পে ৬০ কাঠা জমি বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে ছয়টি পৃথক মামলা দায়ের করা হয়। পরে অভিযোগপত্র অনুমোদন ও দাখিল করে দুদক।
\r\nঅভিযোগপত্রে বলা হয়, পরস্পর যোগসাজশে প্রভাব খাটিয়ে প্রতিটি ১০ কাঠা করে মোট ৬০ কাঠা জমি শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের পরিবারের সদস্যদের নামে বরাদ্দ দেওয়া হয়, যা রাজউকের বিধিনিষেধ ও প্রক্রিয়া লঙ্ঘন করে করা হয়েছে।





