বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম দাবি করেছেন, দেশে হত্যাকাণ্ড মাফিয়া নেত্রী শেখ হাসিনার নির্দেশে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ে নিষ্ঠুরতম স্বৈরশাসক হিসেবে পরিচিত হয়েছেন। মেজর হাফিজ আশা প্রকাশ করেছেন, ভারতের সরকার শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দেবে।

শনিবার (৩ জানুয়ারি) ভোলার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশি নাগরিকদের হত্যা করে ও গণতন্ত্রকামীদের জীবন বিপন্ন করে অপরাধীরা ভারতে নিরাপদ আশ্রয় নিচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। মেজর হাফিজ আশা প্রকাশ করেন, ভারত সরকার এ ধরনের অপরাধীদের গ্রেপ্তার করে বাংলাদেশে হস্তান্তর করবে।

ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শহীদ ওসমান হাদিকে সীমানার ওপার থেকে ভারতের অর্থ, সহায়তা ও পরিকল্পনার মাধ্যমে হত্যার শিকার করা হয়েছে। এরপর হত্যাকারীকে আবার ভারতে পাচার করা হয়েছে। এ ঘটনায় জনগণের মধ্যে সন্দেহ ও আতঙ্ক বিরাজ করছে। তিনি সতর্ক করে বলেন, নির্বাচনের বাকি সময়েও মাফিয়া দল আওয়ামী লীগ এমন হত্যাকাণ্ড চালিয়ে যেতে পারে এবং প্রতিবেশী রাষ্ট্র থেকে সহায়তা পেতে পারে।

সাংবাদিকদের সঙ্গে বৈঠকে ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাছেত, তুজমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুলসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।