আগামীকাল (১৭ নভেম্বর) শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের দিন আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে জামায়াতসহ আট দল মাঠে থাকবে। রোববার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে ৮ দলের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে ‘মার্চ ফর যমুনা’ কর্মসূচি আপাতত স্থগিত করেছে জামায়াত ও ইসলামী আন্দোলনসহ ৮ দল। তিনি জানান, “প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ভাষণে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে জনআকাঙ্ক্ষা অর্ধেক পূর্ণ হয়েছে। তবে গণভোট জাতীয় নির্বাচনের দিন হবে—এমন ঘোষণায় সংশয় রয়েছে, যা সরকারকেই দূর করতে হবে। মার্চ ফর যমুনা কর্মসূচির বিষয়ে পরে ৮ দলের নেতারা সিদ্ধান্ত নেবেন।”
গোলাম পরওয়ার আরও বলেন, “নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। দেশের অধিকাংশ জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রধান উপদেষ্টা যেন কোনো রাজনৈতিক দলের প্রতি প্রভাবিত না হন। সংস্কারের জন্য গণভোটের পক্ষে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হবে।”
তিনি পাঁচ দফা দাবির জুলাই সনদের আইনী ভিত্তি ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, “তবে প্রশাসনে, ইউএনও, ডিসি ও পুলিশ কর্মকর্তাদের যেভাবে রদবদল করা হচ্ছে, তা এক দলকে খুশি করার লক্ষ্যে হচ্ছে।”





