বগুড়ার শেরপুরে তিনটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কবরস্থান সংলগ্ন ঢাকা–বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি খালি ট্রাক মহাসড়কে ইউ-টার্ন নেওয়ার সময় দ্রুতগতিতে আসা ঢাকাগামী আলুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি হয়। সংঘর্ষ এড়াতে গিয়ে পেছন থেকে আসা আরেকটি ট্রাক সেটিকে জোরে ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এর কিছুক্ষণ পর পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দিলে একাধিক যানবাহনের এই সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুরুতর আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা–বগুড়া মহাসড়কের এক পাশে প্রায় তিন কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়, এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে এবং আপাতত সার্ভিস লেন দিয়ে ধীরগতিতে যান চলাচল করছে।





