শেরপুরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে সংঘর্ষের ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসারের আয়োজনে অনুষ্ঠিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে এ সংঘর্ষের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের জামায়াত প্রার্থী ও শিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম।

রাশেদুল ইসলাম জানান, অনুষ্ঠানে বিএনপি সমর্থকরা দেরিতে এসে চেয়ারে বসাকে কেন্দ্র করে প্রথমে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে দেশীয় অস্ত্র নিয়ে জামায়াত সমর্থকদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় অন্তত ৫০ জন জামায়াত সমর্থক আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে রেজাউল করিমের মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।