শেরপুরের ঝিনাইগাতীতে সংঘর্ষে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের স্ত্রী মার্জিয়া (৩৪) বাদী হয়ে হত্যা মামলা করেছেন।
মামলা শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে ঝিনাইগাতী থানায় দায়ের করা হয়। এতে প্রধান আসামি হিসেবে শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ২০০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় আড়াইশজনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
ঘটনার সূত্রপাত ঘটে বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজিত নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে। অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার সংঘর্ষে রূপ নেয়। মঞ্চের সামনে রাখা কয়েকশ চেয়ার ভাঙচুর করা হয় এবং কিছু মোটরসাইকেলে আগুন লাগানো হয়।
এই সংঘর্ষে দুইপক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনায় এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশিষ্টজনরা আশঙ্কা করছেন, এ ধরনের সহিংসতার কারণে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু হবে না।





