শেরপুরে নির্বাচনি ইশতেহার ঘোষণার অনুষ্ঠানকে ঘিরে সংঘটিত সহিংসতা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন। তিনি বলেছেন, চেয়ারে বসাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া সংঘাত ও প্রাণহানি অত্যন্ত দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত।
বৃহস্পতিবার গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহদী আমীন অভিযোগ করেন, অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের জন্য নির্ধারিত আসন থাকা সত্ত্বেও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আগেই সব চেয়ার দখল করে রাখেন এবং বিএনপির জন্য নির্ধারিত আসন ছাড়তে অস্বীকৃতি জানান। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ করা হলেও তারা তা মানেননি বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর বিএনপি একটি উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সহনশীল নির্বাচনি পরিবেশ প্রত্যাশা করেছিল। কিন্তু শেরপুরের ঘটনা সেই প্রত্যাশাকে ব্যাহত করেছে।
সংঘর্ষের প্রসঙ্গে তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সংঘাত এড়াতে জামায়াতের প্রার্থীকে বিকল্প পথে যাওয়ার জন্য পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী ও বিএনপির সিনিয়র নেতারা বারবার অনুরোধ করেছিলেন। তবে সেই অনুরোধ উপেক্ষা করেই তিনি সংঘাতপূর্ণ পথ বেছে নেন।
মাহদী আমীন প্রশ্ন তুলে বলেন, ঘটনাস্থলে আগে থেকেই লাঠিসোঁটা প্রস্তুত থাকার বিষয়টি উদ্বেগজনক। এতে সংঘর্ষটি পরিকল্পিত কি না, কারা এতে মদত দিয়েছে এবং কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে—এসব প্রশ্ন জনমনে তৈরি হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং বিএনপির ৪০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। নিহত ব্যক্তি যে দলেরই হোন না কেন, প্রাণহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। আহতদের মধ্যে কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে মাহদী আমীন বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছে বিএনপি।
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা দিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাম্প্রতিক মিছিল ও বিএনপিকে ঘিরে অপপ্রচারের বিষয়ে তিনি বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে ভিত্তিহীন বয়ান তৈরি করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা গ্রহণযোগ্য নয়। বিএনপি ইতিবাচক রাজনীতিতে বিশ্বাস করে, দোষারোপের রাজনীতিতে নয়।
শেষে তিনি বলেন, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির অগ্রাধিকার একটি শান্তিপূর্ণ, বিতর্কমুক্ত ও গ্রহণযোগ্য নির্বাচন। গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকলে সবাই মিলে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।





