বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মশাল হাতে নিয়ে শেষ পর্যন্ত তা বহন করেছেন।
বুধবার জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জিয়া পরিষদ আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, বেগম খালেদা জিয়া সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি ক্ষমতায় ছিলেন খুব অল্প সময়, আর বাকি সময় কাটিয়েছেন আন্দোলন-সংগ্রামে। জাতিকে সাহস জুগিয়েছেন এবং কোনো স্বৈরাচারের সঙ্গে কখনও আপস করেননি। অন্যরা এরশাদের সঙ্গে আপস করে নানা সুযোগ-সুবিধা নিলেও তিনি সে পথে যাননি।
তিনি আরও বলেন, নারীদের জন্য সুযোগ সৃষ্টি, কৃষকদের কল্যাণ এবং গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার জানাজায় কোটি মানুষের অংশগ্রহণ ছিল মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার স্বতঃস্ফূর্ত প্রকাশ।
দেশের উন্নয়নের সুফল যেন প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে, সে বিষয়েও গুরুত্ব দেন এই বিএনপি নেতা। তিনি বলেন, তারেক রহমান যে রূপরেখা দিয়েছেন, সেই অনুযায়ী কাজ করতে হবে। রাজনৈতিক গণতন্ত্রের পাশাপাশি অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা জরুরি। এজন্য সবাইকে অংশীদার হতে হবে। তারেক রহমানকে সহযোগিতা করে সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।





