বর্ণাঢ্য ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো জানালেন, ২০২৬ সালের বিশ্বকাপই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বিশ্বমঞ্চ হবে।


৪০ বছর বয়সী ফরোয়ার্ড ক্লাব ও আন্তর্জাতিক মঞ্চ মিলিয়ে ৯৫০-এরও বেশি গোল করেছেন। রিয়াদে এক পর্যটন সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “অবশ্যই আগামী বছরই আমি শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছি। তখন আমার বয়স হবে ৪১। মনে হয়, বিশ্ব মঞ্চ থেকে বিদায় নেওয়ার সময় এসেছে।” তিনি আরও যোগ করেন, “সত্যি বলতে, আগে আমি বলেছিলাম হয়তো এক থেকে দুই বছরের মধ্যে অবসর নেব। এখনো আমি খেলছি, তাই সময়টা আসতে একটু বাকি।”


রোনালদোর নতুন অধ্যায়ের সূচনা হয় ২০২৩ সালে, যখন সৌদি ক্লাব আল নাসরের প্রস্তাবে সাড়া দিয়ে ইউরোপ ছাড়েন। গত সপ্তাহে তিনি দ্রুত অবসরের ইঙ্গিত দিয়েছিলেন।


পর্তুগালকে ইউরো জয়ী করেও বিশ্বকাপ শিরোপা অধরা রোনালদো আগামী বছর ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে এখনও কোয়ালিফাই করতে পারেনি পর্তুগাল। আগামী বৃহস্পতিবার আয়ারল্যান্ডকে হারালে তাদের বিশ্বকাপ টিকেট নিশ্চিত হবে।


২০২২ সালে দ্বিতীয়বার ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর রোনালদো ২০২৩ সালে সৌদি প্রফেশনাল ক্লাবে নাম লেখান। তার এই পদক্ষেপের পর থেকে ইউরোপের অনেক তারকা খেলোয়াড় মধ্যপ্রাচ্যের ক্লাবগুলোতে যোগ দিয়েছেন।