এক সময়ের পরিচিত ও ব্যস্ত শোবিজ মুখ মোনালিসা অভিনয়জগৎ ছেড়ে বহু আগেই পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে অভিনয় ও মডেলিং থেকে সরে এসে নিজেকে গড়ে তুলেছেন পেশাদার রূপসজ্জাশিল্পী হিসেবে। দীর্ঘ পরিশ্রমের ফল হিসেবে এবার তার কর্মজীবনে এলো নতুন সুখবর। একটি আন্তর্জাতিক প্রসাধনী প্রতিষ্ঠানে ব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন তিনি।

জানা গেছে, টানা ১২ বছর ধরে একটি আন্তর্জাতিক প্রসাধনসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ রূপসজ্জাশিল্পী হিসেবে কাজ করার পর সম্প্রতি প্রতিষ্ঠান পরিবর্তন করেন মোনালিসা। নতুন একটি প্রসাধনী বিক্রয় প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে যোগ দিয়ে শুক্রবার থেকেই শুরু হয়েছে তার ক্যারিয়ারের নতুন অধ্যায়।

এই অর্জনের খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন মোনালিসা। ফেসবুক পোস্টে তিনি লেখেন, নতুন এই অধ্যায়ের জন্য নিজেকে ভীষণভাবে সৌভাগ্যবান মনে করছেন তিনি। তার ভাষায়, কঠোর পরিশ্রমই তাকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। নতুন দায়িত্ব পেয়ে তিনি আনন্দিত ও কৃতজ্ঞ, সামনে রয়েছে নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা।

নিজের অনুভূতি জানাতে গিয়ে মোনালিসা বলেন, বহু কষ্ট আর নিরলস পরিশ্রমের পর আজ তিনি এই অবস্থানে পৌঁছেছেন। অভিনয় ও মডেলিং তার ভালোবাসা হলেও মেকআপই তার প্রকৃত প্যাশন। যুক্তরাষ্ট্রে এসে এই খাতে নিজের জন্য আরও বড় পরিসরে কাজ করার সুযোগ দেখেছেন বলেও জানান তিনি।

একসময় নাটক, বিজ্ঞাপনচিত্র ও মডেলিংয়ে নিয়মিত দেখা যেত মোনালিসাকে। নাচেও ছিল তার বিশেষ দক্ষতা। তবে হঠাৎ করেই শোবিজ থেকে সরে গিয়ে তিনি বেছে নেন প্রবাসজীবন। গত বছর দেশে এলেও অল্প সময়ের মধ্যেই আবার ফিরে যান যুক্তরাষ্ট্রে।

অভিনয় থেকে পুরোপুরি দূরে না থাকলেও বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে মোনালিসা অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’। সংগীতশিল্পী হৃদয় খান পরিচালিত ও অভিনীত এই চলচ্চিত্রের টিজার ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালের জুনে যুক্তরাষ্ট্রপ্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করে দেশ ছাড়েন মোনালিসা। পরবর্তীতে তাদের বিচ্ছেদ ঘটে। ব্যক্তিজীবনের সেই অধ্যায় পেরিয়ে এখন নিজ কর্মক্ষেত্রে নতুন সাফল্য নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন তিনি।