দেশের শিল্প রক্ষা ও অর্থনীতিকে সচল রাখতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়ন জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে শিল্প মালিকদের একটি প্রতিনিধিদল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব তপন চৌধুরী, বিজিএমইএ-এর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএ-এর পরিচালক সাইফুল্লাহ মানছুর, বিজিএমইএ-এর ওয়ান স্টপ সার্ভিস সেলের চেয়ারম্যান জনাব মোজাম্মেল হক ভূঁইয়া এবং জনসংযোগ ও প্রচার কমিটির চেয়ারম্যান মাসুদ কবির।

এ সময় জামায়াতের শিল্প-বাণিজ্য শাখার সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি ডা. আনোয়ারুল আজিম এবং ডা. খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বাংলাদেশের শিল্প-বাণিজ্যের সম্ভাবনা, নতুন বিনিয়োগ ও বিনিয়োগবান্ধব পরিবেশ, সমসাময়িক চ্যালেঞ্জ—বিশেষ করে শ্রম আইন ২০২৫—নিয়ে আলোচনা হয়। শিল্প মালিকগণ দেশের শিল্প-কারখানায় স্থিতিশীলতা বজায় রাখা ও সার্বিক সহযোগিতার জন্য সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

জবাবে জামায়াতের আমীর দেশের শিল্প রক্ষা ও অর্থনীতিকে সচল রাখতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

তাঁর শারীরিক খোঁজখবর নিতে সাক্ষাৎ করতে আসায় তিনি শিল্প মালিকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।