চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ইসলাম শ্রমিকদের যেই মর্যাদা দিয়েছে বিগত ৫৪ বছরেও শ্রমিকেরা সেই মর্যাদা লাভ করেনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত স্থানীয় রিকশা-অটোরিকশা ও ভ্যান চালকদের সম্মানে আয়োজিত সামষ্টিক ভোজ প্রোগ্রামে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাণীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর হাই স্কুল মাঠে আয়োজিত এ সামষ্টিক ভোজে স্থানীয় কয়েকশ রিকশা-অটোরিকশা ও ভ্যান চালক অংশগ্রহন করেন।
এইসময় প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, শ্রমিকরা হচ্ছেন আল্লাহর বন্ধু, কিন্তু দেখা যায় সমাজে শ্রমিক শ্রেণীর লোকজন নির্যাতিত, নিপীড়িত, শোষণের শিকার। রিকশা-ভ্যানে উঠে তাদের সঙ্গে অনেকেই খারাপ আচরণ করে থাকে। রাসূল (সা.) নির্দেশ শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার মজুরি দিতে হবে।
তিনি আরও বলেন, যারা কায়িক পরিশ্রম করে তারাই মূলত শ্রমিক, এ হিসেবে সমাজের প্রতিটি মানুষ যার যার অবস্থান থেকে শ্রমিক। ইসলাম শ্রমিকদের যেই মর্যাদা দিয়েছে বিগত ৫৪ বছরেও শ্রমিকেরা সেই মর্যাদা লাভ করেনি। কারণ বিগত ৫৪ বছর দেশ পরিচালিত হয়েছে মানুষের তৈরি আইনে। আল্লাহর তৈরি আইনের বদলে মানুষের তৈরি আইনে রাষ্ট্র পরিচালিত হলে কোনো মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে না, হয়নি। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই শ্রমিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হবে। প্রতিটি মানুষ নাগরিক হিসেবে সমানভাবে অধিকার লাভ করবে। তাই নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে নিজের অধিকার ও মর্যাদা বুঝে নিতে তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রানিহাটি ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে উক্ত প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলিম, সেক্রেটারী আব্দুর রহমানসহ সদর উপজেলা শাখা ও এবং রাণীহাটি ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।





