এশিয়া কাপে জয় দিয়ে সুপার ফোরের যাত্রা শুরু করতে শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
গ্রুপ পর্বে তিন ম্যাচে দুই জয় ও এক হারের পরও সুপার ফোর নিশ্চিত হয়নি বাংলাদেশের। তাকিয়ে থাকতে হয়েছিল আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার গ্রুপের শেষ ম্যাচের দিকে। সে ম্যাচে শ্রীলঙ্কা ৬ উইকেটে আফগানিস্তানকে হারালে নিশ্চিত হয় বাংলাদেশের সুপার ফোর।
আফগানিস্তানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে একাধিক পরিবর্তন এনেছিল বাংলাদেশ। ওপেনিংয়ে পারভেজ ইমনের পরিবর্তে খেলানো হয় সাইফ হাসানকে। পেসার তানজিম সাকিবের জায়গায় দলে আসেন স্পিনার নাসুম আহমেদ, যা বেশ কার্যকরী প্রমাণিত হয়। এছাড়া শেখ মাহেদীর বদলে একাদশে জায়গা পান উইকেটকিপার নুরুল হাসান সোহান।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আবারও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে পাঁচ বাঁহাতি ব্যাটার থাকায় অফ স্পিনার শেখ মাহেদী একাদশে ফিরতে পারেন। এমন হলে বাদ পড়তে পারেন জাকের আলী, যিনি চলতি আসরে ৪৮ বলে করেছেন ৫৩ রান।
দুবাইয়ের উইকেট স্পিন সহায়ক হওয়ায় বাংলাদেশের একাদশে তিন স্পিনারের দেখা মিলতে পারে। সম্ভাব্য স্পিন ত্রয়ী হতে পারেন মাহেদী, নাসুম ও রিশাদ হোসেন। পেস আক্রমণ সামলাবেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
সাইফ হাসান, তানজিদ তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।





