বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান দুই দশকেরও বেশি সময় ধরে সংগীতপ্রেমীদের মুগ্ধ করে আসছেন। তবে এবার নিজের সংগীতজীবনের সমাপ্তির ইঙ্গিত দিলেন এই গায়ক ও গীতিকার।

সংগীত জীবনের রজত জয়ন্তীর বিশেষ মুহূর্ত উদ্‌যাপন বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন তিনি। সেখানে এক অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশে তাহসান বলেন, ‘এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো। মেয়ে বড় হচ্ছে- এখন কি দাড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?’ 
তাহসান তাঁর সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছেন জানিয়ে বলেন, ‘ইতোমধ্যে আমার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডি অ্যাক্টিভেট করে দিয়েছি।’ এই ঘোষণার পর অনেক খোঁজাখুঁজির পরও তাহসানের ফেসবুক ও ইনস্টাগ্রাম একাউন্টটি পাওয়া যায়নি।

তবে তাহসান নিশ্চিতভাবে ‘অবসর’ শব্দটি উচ্চারণ না করলেও তার বক্তব্য থেকে ধারণা করা যাচ্ছে, সংগীত জগতে তার নিয়মিত উপস্থিতি দেখা যাবে না। 
২০০৪ সালে প্রকাশিত ‘কিছু কথা’ অ্যালবামের মধ্য দিয়ে তাহসানের সংগীত জীবন শুরু হয়। এর আগে ১৯৯৮ সালে তৈরি করেন ব্যান্ডদল ‘ব্ল্যাক’। ব্যান্ড ‘ব্ল্যাক’ এর হয়ে বেশ কিছু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন এই তারকা।

তাহসান ২০১২ সালে গঠন করেন ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ নামে নতুন একটি ব্যান্ড। ‘কৃত্যদাসের আবাসে’ নামে তার নিজস্ব স্টুডিও রয়েছে। ‘চোখে চোখে কথা হতো’,  ‘যদি কোনোদিন’, ‘চলে যাও তবে’, ‘আলো’ , ‘ছুঁয়ে দিলে মন’, ‘কতদূর’, ‘প্রেম তুমি’ গানগুলো এখনও ভক্তদের হৃদয়ে দোলা দেয়।

তাহসানের এই সিদ্ধান্তে ভক্তদের মাঝে আবেগ ও বিস্ময়ের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ তার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন, আবার কেউ চাইছেন—তিনি যেন আবার ফিরে আসেন গানেই।