বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সম্ভাব্য জনদুর্ভোগের জন্য ক্ষমা চেয়েছে দলটি। বিএনপি জানিয়েছে, জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচি তারেক রহমান সমর্থন করেন না।
দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া আর কেউ বক্তব্য দেবেন না।
সালাহউদ্দিন আহমেদ বলেন, \"তারেক রহমান এমন কোনো কর্মসূচি সমর্থন করেন না যা সাধারণ মানুষকে অসুবিধায় ফেলে। ইতোমধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিত হতে নিষেধ করেছেন। আমরা তার নির্দেশনা অনুসরণের সর্বোচ্চ চেষ্টা করেছি।\"
তিনি আরও বলেন, \"তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে চিকিৎসাধীন মায়ের কাছে যেতে চান এবং পিতা ও ভাইয়ের কবর জিয়ারত করতে চান। সংবর্ধনার দিনটিও এমনভাবে নির্ধারণ করা হয়েছে যা দেশের সরকারি ছুটির সঙ্গে মিল রয়েছে।\"
সালাহউদ্দিন আহমেদ উল্লেখ করেন, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও মানিকমিয়া অ্যাভিনিউতে কোনো কর্মসূচি রাখা হয়নি। বরং ৩৬ জুলাই মহাসড়কের সার্ভিস লেনে একটি নির্দিষ্ট স্থান নির্বাচিত করা হয়েছে, যেখানে শুধু দেশের মানুষকে প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ করা হবে, দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া হবে এবং দেশের কল্যাণ কামনা করা হবে। এই আয়োজনে তারেক রহমান ছাড়া কোনো বক্তা থাকবেন না।





