সংবিধান সংশোধনের বিষয়ে সরকারি ও বিরোধী দলকে নিয়ে সম্মিলিত প্রস্তাব আনার আশা প্রকাশ করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম। বুধবার জাতীয় সংসদের টানেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, সংবিধান সংশোধন নিয়ে দুই পক্ষের মধ্যে কিছু মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে ঐক্যমতে পৌঁছানো সম্ভব। তার মতে, দেশের গণতন্ত্রকে শক্তিশালী করা এবং উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়াই সবার মূল লক্ষ্য হওয়া উচিত। তিনি আরও বলেন, সংসদে আলোচনা ও সমালোচনার মধ্য দিয়েই জাতীয় সিদ্ধান্তগুলো আরও সমৃদ্ধ হয়। দেশপ্রেমের জায়গা থেকে সবাই একমত হবে বলে তিনি আশাবাদী। গণমাধ্যমের ভূমিকা নিয়েও মন্তব্য করেন চিফ হুইপ। তিনি বলেন, ইতিবাচক খবরগুলোও সমানভাবে গুরুত্ব পাওয়া উচিত। তিনি উদাহরণ হিসেবে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি ও তেলবাহী জাহাজ সংক্রান্ত খবরের কথা উল্লেখ করেন। সরকারের উন্নয়ন ও নীতিগত দিক তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার মানবিক রাষ্ট্র গঠন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সার্বিক উন্নয়নে কাজ করছে। কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি তৈরির বিষয়ে তিনি ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেন। তার মতে, আরবি, মান্দারিন, ইতালিয়ান, কোরিয়ান ও জাপানিজ ভাষা শেখা কর্মসংস্থানের সুযোগ বাড়াবে। পাশাপাশি ইংরেজিকে বৈশ্বিক যোগাযোগের প্রধান ভাষা হিসেবে গুরুত্ব দেওয়া উচিত বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ লোড হচ্ছে...





