জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা বাড়ানো হয়েছে। অনুর্ধ্ব ১২ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য আগে যেখানে ৫০টি আসন ছিল, সেখানে নতুন করে আরও ১০০টি আসন বরাদ্দ দেওয়ায় মোট আসন দাঁড়িয়েছে ১৫০।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে স্পিকারের কাছে আবেদন জানালে তা অনুমোদন করা হয়।

এর ফলে এখন থেকে আরও বেশি শিক্ষার্থী সরাসরি সংসদের অধিবেশন উপভোগ করার সুযোগ পাবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে ভবিষ্যৎ প্রজন্ম সংসদীয় কার্যক্রম ও গণতান্ত্রিক চর্চা সম্পর্কে বাস্তব ধারণা লাভ করবে।

এ বিষয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের রাষ্ট্র সম্পর্কে জানানো এবং রাজনৈতিক সচেতনতা বাড়ানো জরুরি। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর উদাহরণ তুলে ধরে বলেন, তিনি শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিতেন, যাতে তারা দেশের সম্পদ ও সম্ভাবনা সম্পর্কে জানতে পারে।

সংসদের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়া এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি জানান, শিক্ষার্থীরা সংসদে এলে অধিবেশন শুরুর আগে তাদের সংসদের ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্য সম্পর্কে অবহিত করা হবে।

এর মাধ্যমে শিক্ষার্থীরা দেশের সংসদীয় ব্যবস্থা সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা অর্জন করতে পারবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।