সন্ত্রাস ও দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মীর হেলাল বলেন, সন্ত্রাসীদের কোনো অবস্থান এই দেশ কিংবা কোনো এলাকাতেই থাকবে না। এ বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দখলদারি ও নৈরাজ্যের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সব মানুষের দেশ, এখানে সকল শ্রেণি-পেশার মানুষের সহাবস্থান নিশ্চিত করতেই জাতীয় ঐক্যের প্রয়োজন। দেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। শিক্ষার্থীদের আবাসন সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
তিনি আরও জানান, স্থানীয় জনগণ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক উন্নয়নে কাজ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়নি। বিশেষ করে আবাসন সংকট এবং অবকাঠামোগত সমস্যা এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে।
তিনি শাটল ট্রেন ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থার আধুনিকায়নের ওপরও গুরুত্ব দেন।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খানসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কাবাডি, বলীখেলা, বউচি ও পুতুলনাচসহ নানা আয়োজন করা হয়। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্যোক্তা মেলাও অনুষ্ঠিত হয়।





