ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সপ্তাহব্যাপী নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) ইবি গ্রীন ভয়েস শাখার নারী ও শিশু অধিকার বিষয়ক অঙ্গসংগঠন বহ্নিশিখার আয়োজনে এ কর্মশালা শুরু হয়। এটি ২১শে জানুয়ারি থেকে ২৭শে জানুয়ারি পর্যন্ত চলবে।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামছুল হক সিদ্দিকী। এছাড়াও অথিতি হিসেবে ছিলেন ইবি বৈবিছাআ’র আহ্বায়ক এস এম সুইট, গ্রীন ভয়েসের  সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন, সাধারণ সম্পাদক মিলন রানা মুরাদ ও বহ্নিশিখার সমন্বয়কারী মায়মুনা সুলতানা মিম।


সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, একজন নারীকে শারীরিক, মানসিক, সামাজিক, জ্ঞানগত ও অর্থৈনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার একটি বলিষ্ঠ প্রয়াস হচ্ছে বহ্নিশিখা। ২০২০ সালের ১৫ জুন থেকে বহ্নিশিখা দেশজুড়ে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় ইবি ক্যাম্পাসে আজ থেকে আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ শুরু হচ্ছে।


হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম. শামছুল হক ছিদ্দিকী বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেই, তারা শারীরিক, মানসিক ও আত্মরক্ষামূলক কার্যক্রমে এগিয়ে যাচ্ছে। কিছু কিছু দেশে ১৬ বছর হলেই এই আত্মরক্ষামূলক কার্যক্রম বাধ্যতামূলক করা হয়। গ্ৰীন ভয়েসকে এমন প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের জন্য সাধুবাদ জানাই।


প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, পৃথিবীর আদিকাল থেকেই সমাজ ব্যবস্থায় আমরা দেখি একটি জাতি অগ্রসরমান আরেকটি অংশ অগ্রসর হতে পাচ্ছে না। রাষ্ট্রীয় ও সামাজিকতার কারণে সেখানে এই নারী সমাজ মানসিক, শারীরিক ও সামাজিকভাবে পিছিয়ে আছে। তবে গ্রীন ভয়েসের বহ্নিশিখার আজকের এই উদ্যোগ নারীদের শারীরিক মানসিক উন্নতিতে অগ্রণী ভূমিকা রাখবে যা প্রশংসনীয়।