আফ্রিকা কাপ অব নেশনসে টানা দ্বিতীয় ম্যাচেও গোল পেলেন মোহামেদ সালাহ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেনাল্টি থেকে পাওয়া সালাহর একমাত্র গোলে জয় তুলে নিয়ে সবার আগে শেষ ষোলো নিশ্চিত করল মিসর। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে তারা।

শুক্রবার রাতে মরক্কোর আগাদিরে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে বক্সের ভেতরে বল দখলের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার খুলিসো মুদাউয়ের ফাউলে পড়ে যান সালাহ। সঙ্গে সঙ্গে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে এগিয়ে দেন মিসর অধিনায়ক।

প্রথমার্ধের যোগ করা সময়ে বাজে ফাউলের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিসরের ডিফেন্ডার মোহাম্মদ হানি। একজন কম নিয়ে দ্বিতীয়ার্ধে চাপ বাড়ায় দক্ষিণ আফ্রিকা। তবে একাধিক গোলের সুযোগ নষ্ট করে তারা। গুরুত্বপূর্ণ সময়ে কয়েকটি দুর্দান্ত সেভে দলকে বাঁচান মিসরের গোলকিপার। শেষ পর্যন্ত সালাহর পেনাল্টি গোলই ব্যবধান গড়ে দেয়।

এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে মিসর। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ে ও অ্যাঙ্গোলা পেয়েছে ১ পয়েন্ট করে।

এদিকে গ্রুপ ‘এ’-তে মরক্কোর টানা ১৯ ম্যাচের জয়রথ থামিয়ে দিয়েছে মালি। আগাদিরে স্বাগতিকদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে মরক্কোকে এগিয়ে দেন ব্রাহিম দিয়াজ। ৬৪ মিনিটে লাসিনে সিনায়োকোর পেনাল্টি গোলে সমতা ফেরায় মালি।

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে মরক্কো। মালি ও জাম্বিয়ার পয়েন্ট ২ করে। আগামী মঙ্গলবার রাতে জাম্বিয়ার বিপক্ষে জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো নিশ্চিত করবে মরক্কো।