জাতীয় সংসদে ‘জুলাই স্মৃতি জাদুঘর বিল’ পাসকে কেন্দ্র করে সরকারি দলের বিরুদ্ধে সমঝোতা ভঙ্গের অভিযোগ তুলেছে বিরোধী দল।

শুক্রবার মাগরিবের নামাজের বিরতির পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, পূর্বের সমঝোতা ভেঙে ছলচাতুরির মাধ্যমে বিলটি পাস করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, বিল পাসের মাত্র আধঘণ্টা আগে সরকারি দলের পক্ষ থেকে সংশোধনী আনা হয়, যা আগে থেকে নির্ধারিত সমঝোতার পরিপন্থী।

নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গৃহীত ৯৮টি অধ্যাদেশ হুবহু পাস করার বিষয়ে বিশেষ কমিটিতে সরকারি ও বিরোধী দল একমত হয়েছিল। ‘জুলাই স্মৃতি জাদুঘর বিল’ও সেই তালিকার একটি ছিল।

তার দাবি, ঐকমত্য থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে সংশোধনী এনে সমঝোতা ভঙ্গ করা হয়েছে, যা সংসদীয় প্রক্রিয়ার সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

তিনি আরও বলেন, সংসদে বিরোধী দলের মতামত উপেক্ষা করে সংখ্যাগরিষ্ঠতার জোরে যেকোনো বিল পাস করা সম্ভব হলেও এতে গণতান্ত্রিক চর্চা ক্ষতিগ্রস্ত হয়।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণের ধারাবাহিকতা বজায় রাখছে এবং জুলাই স্মৃতি জাদুঘরেও সেই প্রবণতার প্রতিফলন দেখা যাচ্ছে।

তার ভাষায়, এই জাদুঘরটি গণঅভ্যুত্থান ও দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের স্মৃতি বহন করে। সেখানে মন্ত্রীকে সভাপতির দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

বিরোধী দল এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে এবং বিষয়টি সংসদীয় রীতিনীতির পরিপন্থী বলে উল্লেখ করেছে।