মিরর নিউজ ২৪ অনলাইন থেকে মুদ্রিত | mirrornews24.com
বিভাগ: জাতীয়
তারিখ: ৩০ জুলাই, ২০২৫
লেখক: মিরর নিউজ ডেস্ক
বাংলাদেশের প্রতিচ্ছবি
সমন্বয়ক পরিচয়ে গুলশানে চাঁদাবাজি: সেই রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার
মিরর নিউজ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫
পড়ার সময়: 2 মিনিট
ঢাকার গুলশানে এক সাবেক সংসদ সদস্যের বাসা থেকে ৫০ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে গ্রেফতার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ)–এর বাসা থেকে দুই কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসব চেক উদ্ধার করা হয়েছে। ঘটনায় কলাবাগান থানায় একটি পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এর আগে, গত শনিবার গুলশানের ৮৩ নম্বর রোডের একটি বাসায় ৫০ লাখ টাকা চাঁদা আদায়ের চেষ্টা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন পাঁচজন। তারা হলেন– আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ), ইব্রাহীম হোসেন, মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও মো. আমিনুল ইসলাম। অভিযোগ অনুযায়ী, এর আগে ওই বাসা থেকেই তারা ১০ লাখ টাকা চাঁদা নিয়েছিলেন। এরপরই বাড়তি ৪০ লাখ টাকা নিতে গেলে তাদের আটক করা হয়।
ঘটনার নেতৃত্বে ছিলেন রিয়াদ, যিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা এবং রাজধানীর ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করেন। চাঁদাবাজির এই ঘটনার পর তিনি ও তাঁর সহযোগীরা বিভিন্ন মহলে আলোচনার কেন্দ্রে চলে আসেন।
ঘটনার রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠন থেকে তিনজনকে বহিষ্কার করা হয়। পরে দায়ের হওয়া মামলায় চারজনকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। এছাড়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশে সব জেলা ও শাখা কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।