সরকার একটি দলকে ক্ষমতায় তুলতে কাজ করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আর নিরপেক্ষ নেই এবং নির্বাচনকে ব্যবহার করে একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনতে চেষ্টা চলছে।

শুক্রবার (১৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় মগবাজারে সমমনা ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়নের যে বাধ্যবাধকতার কথা বলা হয়েছিল, প্রধান উপদেষ্টার ভাষণে তা উপেক্ষা করা হয়েছে। তিনি জানান, রোববার (১৬ নভেম্বর) ৮ দলের বৈঠকের পর ৫ দফা ইস্যুতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দলের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণা জনগণের প্রত্যাশা পূরণ করেনি। এতে নতুন সংকট তৈরি হয়েছে। তিনি জানান, সমমনা ৮ দলের দাবি ছিল জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা। এতে এর আইনি ভিত্তি স্পষ্ট ও প্রশ্নহীন থাকত। কিন্তু সেই সমস্যার সমাধান হয়নি বলে মন্তব্য করেন তিনি।