বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, \"সরকারের মাথা থেকে পা পর্যন্ত পচে গেছে। তারা যতদিন ক্ষমতায় থাকবে, দেশের অবস্থা আরও খারাপ হবে।\"
বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মহাসমাবেশে তিনি এ মন্তব্য করেন। ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করে বিএনপির তিন সহযোগী সংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এতে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, পরিচালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
মির্জা আব্বাস বলেন, “এই সরকার গণমানুষের সরকার হওয়ার দাবিতে এসেছে, কিন্তু আমরা পেয়েছি অবজ্ঞা আর ঔপনিবেশিক শাসনের প্রতিফলন। তারা ৯ মাসে যেমন কিছু পারেনি, ৯ বছরেও পারবে না।”
সরকারের বন্দর ও করিডোর পরিকল্পনার সমালোচনা করে তিনি বলেন, “নিউমূরিং টার্মিনাল হস্তান্তরের চেষ্টা চলছে। স্টারলিংক আনা হয়েছে কার জন্য? আরাকান আর্মির জন্য? দেশের মানুষকে বোকা ভাববেন না। আমরা জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব।”
চাঁদাবাজি প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজি চলছে। আইনশৃঙ্খলা বাহিনী এসবের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না?”
\r\n\r\n\r\n\r\n\r\n\r\n
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ।





