সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে উপেক্ষা করে একটি বেসরকারি কোচিং সেন্টারে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে পৌর সদরের রংধনু মডেল স্কুল নামের একটি কোচিং সেন্টারে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলীসহ অন্যান্য কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামানের ছবি সংবলিত ব্যানার টানানো হলেও তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। বিষয়টি নিয়ে জনমনে দেখা দিয়েছে বিভ্রান্তি ও প্রশ্ন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা জানিয়েছেন, \"পৌর সদরে ও উপজেলায় ২২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও সেগুলোতে উদ্বোধনী অনুষ্ঠান করার মতো পরিবেশ নেই। এছাড়া কোচিং সেন্টারটির নিজস্ব অর্থায়নে আয়োজন করায় সেখানে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।\"

প্রথম দিনে মোট ১৪,৯৭০ জন শিশুদের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল, যার মধ্যে ১৪,৯৪০ জনকে টিকা দেওয়া হয়েছে। পুরো উপজেলায় টাইফয়েড টিকা দেওয়ার মোট লক্ষ্যমাত্রা ১,৮৭,৬৬৫ জন এবং ক্যাম্পেইন চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।

তবে সচেতন মহলের অনেকেই প্রশ্ন তুলেছেন, \"পৌর সদরে ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তাহলে কোন স্কুলেই কি উদ্বোধনের মতো পরিবেশ নেই?\" তারা মনে করছেন, সরকারি স্থানে না করে কোচিং সেন্টারে উদ্বোধন করাটা প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান মন্তব্য করতে রাজি হননি। আর ইউএনও মোঃ কামরুজ্জামান জানিয়েছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং তিনি অনুষ্ঠানে উপস্থিতও ছিলেন না।