জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বুধবার (২৯ অক্টোবর) জানিয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ-১ কার্যকর করার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। সরকারের প্রতি দেওয়া তিনটি আহ্বানের মাধ্যমে দলটি এই দাবি জানিয়েছে।
এনসিপি বলেছে, জুলাই সনদ কেবল রাজনৈতিক সমঝোতার প্রতীক নয়, এটি অবশ্যই আইনি ভিত্তিসম্পন্ন হতে হবে। সনদ বাস্তবায়নের আদেশের খসড়া (প্রস্তাব-১) দেখে দলটি স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেবে। দলের আপোষহীন অবস্থানের ধারাবাহিকতায় গতকাল (মঙ্গলবার) কমিশন সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা সুপারিশ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, কমিশন দুই ধরনের সংস্কারের জন্য স্বতন্ত্র রূপরেখা সরকারকে পেশ করেছে। সংবিধান সম্পর্কিত নয় এমন সংস্কারের জন্য প্রজ্ঞাপন ও অধ্যাদেশের খসড়া সুপারিশ করা হয়েছে। এনসিপি মনে করে, অতি দ্রুত এই সংস্কারগুলো বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
দলটি আরও জানিয়েছে, প্রস্তাব-১ বাস্তবায়ন করতে হবে। সংবিধান সংস্কার পরিষদ নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করলে তা স্বয়ংক্রিয়ভাবে আইন হিসেবে কার্যকর হবে। এটি জুলাই সনদের ওপর গণভোটের ম্যান্ডেট বাস্তবায়নে অত্যাবশ্যকীয়। প্রস্তাব-২-তে কোনো স্পষ্ট দিকনির্দেশনা না থাকায় পুরো সংস্কার প্রক্রিয়া বিপন্ন হওয়ার ঝুঁকি রয়েছে। তাই সরকারকে প্রস্তাব-১কে বাস্তবায়নের রূপরেখা হিসেবে গ্রহণ করতে হবে এবং কিছু ভাষিক অস্পষ্টতা নিরসন করতে হবে।
এনসিপি সরকারের প্রতি তিনটি আহ্বান জানিয়েছে—
১. ঐকমত্য কমিশন কর্তৃক সুপারিশকৃত জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রথম খসড়া (প্রস্তাব-১) গ্রহণ করে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা।
২. সংবিধান সংস্কার বিলের খসড়া প্রণয়ন ও উন্মুক্তকরণের উদ্যোগ নেওয়া।
৩. জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তিসম্পন্ন আদেশের খসড়া গ্রহণ করলে সনদ স্বাক্ষরের প্রক্রিয়ায় অগ্রগতি সম্ভব হবে।





