ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা মহানগরীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। সাধারণ নিরাপত্তার পাশাপাশি রাজপথে সোয়াট, কে-৯ ইউনিটসহ পুলিশের বিশেষায়িত সব দল মোতায়েন করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) মিন্টো রোডে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, ঢাকায় মোট ২৬ হাজার ৫১৫ জন পুলিশ সদস্য নির্বাচনের বিভিন্ন দায়িত্বে কাজ করবেন। ভোটকেন্দ্রের ভেতরের নিরাপত্তার পাশাপাশি বাইরে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও রিজার্ভ ফোর্সও থাকবে।

তিনি আরও বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য বোম্ব ডিজপোজাল ইউনিট, সোয়াট, কে-৯ ইউনিট এবং ক্রাইম সিন ভ্যান মাঠে প্রস্তুত থাকবে। নির্বাচনের আগে চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পুলিশ বলেছে, এখন পর্যন্ত কোনো নাশকতার আশঙ্কা নেই, তবে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ভোটারদের নিশ্চিন্ত করতে মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “আপনারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে মৌলিক অধিকার প্রয়োগ করতে পারবেন। পুলিশ আপনার পাশে রয়েছে।” হুমকি বা ঝুঁকির প্রশ্নে তিনি জানান, বিশেষ কোনো আশঙ্কা নেই, তবে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।