জাতীয় নির্বাচন সামনে আসায় দেশের সাংস্কৃতিক খাতকে রাজনৈতিক অগ্রাধিকারের বাইরে রাখার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ব্যান্ড মাইলসের প্রধান সদস্য হামিন আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করেছেন, ‘সংগীত ও সংস্কৃতির জন্য সুস্পষ্ট ইশতেহার ছাড়া কোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়া উচিত নয়।’

৫৪ বছরের ইতিহাসে কোনো রাজনৈতিক দল কেন সংগীতকে তাদের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করেনি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন হামিন। তিনি বলেন, “অন্য খাত নিয়ে পরিকল্পনা আছে, কিন্তু সংগীত নিয়ে কোনো স্পষ্ট পরিকল্পনা নেই।”

হামিন আরও উল্লেখ করেন, দেশে অন্তত কয়েক কোটি মানুষ গান ও সংস্কৃতির প্রতি আগ্রহী। এই সংখ্যাই যথেষ্ট, যাতে তারা রাজনৈতিক দলগুলিকে বাধ্য করতে পারে সংগীত ও সংস্কৃতি নিয়ে পরিষ্কার পরিকল্পনা প্রকাশ করতে। তিনি লিখেছেন, “যদি আমরা বলি-সংস্কৃতি ও সংগীত নিয়ে দলগুলো তাদের পরিকল্পনা ঘোষণা করুক, নয়তো আমরা ভোট দেব না; অথবা যে দল স্পষ্ট পরিকল্পনা দেবে, আমরা সবাই তাকে ভোট দেব-তাহলে কী হবে? এই হলো নাগরিকদের ক্ষমতা। ব্যবহার করুন।”

তার এই উদ্যোগ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বহু শিল্পী, সুরকার ও সংগীতপ্রেমী হামিনের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, দেশের সাংস্কৃতিক খাতকে নির্বাচনী অগ্রাধিকার দিতে রাজনৈতিক দলগুলোকে বাধ্য করার মতো এই ধরনের নাগরিক উদ্যোগ শিল্প ও সংস্কৃতির ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।