ট্রাফিক জ্যামের শহর হিসেবে দুর্নাম আছে ঢাকার। রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা এই শহরের নাগরিকের নিত্যদিনের ঘটনা। কিন্তু এই ঢাকাতেও কখনোই আন্তর্জাতিক ম্যাচ ট্রাফিক জ্যামের কারণে আটকে যাওয়ার কথা শোনা যায়নি। ঠিক এই ঘটনাই ঘটেছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় ওয়ানডের আগে। ট্রাফিক জ্যামের কারণে নির্ধারিত সময়ে ম্যাচের টস অনুষ্ঠিত হতে পারেনি।

মঙ্গলবার (৩জুন) সাউথ লন্ডনের কেনিংটন ওভালে গড়ানোর কথা ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা হ্যারি ব্রুকের দলের এদিন ক্যারিবীয়দের হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামার কথা । বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও এখন পর্যন্ত টসই অনুষ্ঠিত হতে পারেনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, টেমসের উত্তর তীরে ওয়েস্ট ইন্ডিজের টিমবাস মারাত্মক ট্রাফিক জ্যামে আটকে থাকায় নির্ধারিত সময়ে স্টেডিয়ামে এসে পৌঁছতে পারেনি। স্কাই স্পোর্টস জানিয়েছে, ক্যারিবীয়দের বহনকারী বাসটি স্থানীয় সময় দুপুর ১২.৫১ (বাংলাদেশ সময় বিকেল ৫.৫১) মিনিটে স্টেডিয়ামে এসে পৌঁছায়।

এরপর নতুন করে টসের সময় ঘোষণা করা  হয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১০ মিনিটে টস অনুষ্ঠিত হবে। আর ম্যাচ মাঠে গড়াবে সাড়ে ৬টায়। খেলা দেরিতে শুরু হলেও ওভার সংখ্যা কমছে না।  

এদিকে লন্ডনের ট্রাফিক জ্যামে সময় নষ্ট না করতে ইংলিশরা বের করেছে অভিনব বুদ্ধি। ইংল্যান্ডের খেলোয়াড়রা স্টেডিয়ামে পৌঁছেছেন সাইকেলে চেপে। ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি) সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও শেয়ার করেছে। 

ম্যাচের টস মাঠে গড়ানোর আগে ইংল্যান্ড দল স্টেডিয়ামে পৌঁছালেও ওয়েস্ট ইন্ডিজ দলের বিলম্ব হচ্ছিল। এরপর ইসিবি এক বিবৃতিতে জানায়, 'ম্যাচের একটি দলের মাঠে পৌঁছতে বিলম্ব হচ্ছে, তারা নদীর উত্তর তীরে (টেমস নদীর) প্রচণ্ড যানজটে আটকে আছে, যে কারণে ম্যাচ শুরু হতে বিলম্ব হতে পারে।' দলের নাম উল্লেখ না করলেও কারোরই বুঝতে বাকি নেই এখানে ক্যারিবীয়দের কথাই বলা হয়েছে।