জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ এবার নতুন পরিচয় পেতে যাচ্ছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন দ্বাদশ আসরে প্রথমবারের মতো অংশ নেওয়া নোয়াখালী বিভাগের ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে তাকে ঘোষণা করা হয়েছে।
আজ রাজধানীর একটি হোটেলে চুক্তি সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয় দলটি। অনুষ্ঠানের পর গণমাধ্যমের প্রশ্নের জবাবে পলাশ জানান, তার প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি বলেন, “এর আগে আমি বহু বহুজাতিক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করেছি, কিন্তু ক্রিকেট দলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়া একেবারেই নতুন এবং উজ্জীবিত করার মতো অভিজ্ঞতা।”
পলাশ মিডিয়ায় ক্যারিয়ার শুরু করেছিলেন নির্মাতা হিসেবে, তবে তার খ্যাতি আসে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘কাবিলা’ চরিত্রের মাধ্যমে। নাটকে নোয়াখালীর ভাষায় অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
নোয়াখালী এক্সপ্রেসের বিপিএল অভিযান শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। উদ্বোধনী দিনে দলটি মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসের সঙ্গে। পলাশের এই নতুন দায়িত্ব তাকে নতুন পরিচয় দেয়ার পাশাপাশি বিপিএলের উত্তেজনা আরও বাড়াবে।





