সাজেকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১২ জন শিক্ষার্থী। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটির সাজেকের হাউস পাড়া এলাকায় পর্যটকবাহী একটি জিপ খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম রুবিনা আফসানা রিংকি। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও ১২ শিক্ষার্থী মিলে সাজেকে ভ্রমণে গিয়েছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সাজেক থেকে খাগড়াছড়িতে ফেরার পথে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই রুবিনা আফসানা নিহত হন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠান।
ঘটনার বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান জানান, তিনি দুর্ঘটনার খবর পেয়েছেন এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়িতে পাঠানো হয়েছে। আহত সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে নিশ্চিত করেছেন তিনি।
\r\n\r\n\r\n\r\n
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।





