রাষ্ট্রপতি সাতটি সরকারি কলেজের জন্য ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের অধ্যাদেশ জারি করেছেন। এর মাধ্যমে নতুন বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ গেজেট আকারে প্রকাশ করেছে। অধ্যাদেশ অনুযায়ী ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ একাডেমিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সঙ্গে সংযুক্ত থাকবে।

নতুন বিশ্ববিদ্যালয়টি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে। আচার্য, উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের মাধ্যমে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠ্যক্রম, পরীক্ষা, গবেষণা এবং সনদ প্রদানের দায়িত্ব পালন করবে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা থাকলেও তা প্রস্তুত না হওয়া পর্যন্ত ভাড়া করা ভবন ও জায়গা ব্যবহার করে কার্যক্রম চালানো যাবে।

গত বছরের ২৪ সেপ্টেম্বর অধ্যাদেশের খসড়া প্রকাশ করা হয়েছিল। এরপর চলতি বছরের ২২ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ খসড়াটি অনুমোদন দেয়। এবারে তা চূড়ান্ত অধ্যাদেশ হিসেবে গেজেট আকারে প্রকাশিত হলো।

উল্লেখ্য, এই সাতটি কলেজ একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। পরে ২০১৭ সালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আসে। দীর্ঘ সময় ধরে সেশনজট, ফল প্রকাশে বিলম্বসহ নানা সমস্যার কারণে শিক্ষার্থীরা আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিল।