সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে যৌথ বাহিনী। অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে তাকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপুর নেতৃত্বে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সমন্বয়ে এই অভিযান চালানো হয়।
অভিযানে প্রায় ১২০০ লিটার ডিজেল জব্দ করা হয় এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী চেয়ারম্যানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ছয় ব্যারেল ডিজেল থানায় জমা দেওয়া হয়।
চেয়ারম্যান ফেরদৌস মোড়ল দাবি করেন, তার চিংড়ি ঘের ও ভেকু মেশিন পরিচালনার জন্য এসব ডিজেল মজুত রাখা হয়েছিল। তবে স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে জ্বালানি তেল মজুত করে বেশি দামে বিক্রি করতেন।
অভিযান শেষে তিনি ভবিষ্যতে এমন অবৈধ মজুত করবেন না মর্মে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।





