মহান বিজয় দিবস উপলক্ষে প্যারাজাম্প কর্মসূচির কারণে প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল আবার স্বাভাবিক হয়েছে। সরকারি ছুটির দিন হলেও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ মঙ্গলবার মেট্রোরেল চলবে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ডিএমটিসিএলের উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফি জানান, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্পে অংশ নেওয়া প্যারাট্রুপারদের নিরাপত্তার কথা বিবেচনায় বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এরপর পুনরায় ট্রেন চলাচল শুরু হয় এবং বর্তমানে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলাচল করছে।
তিনি আরও জানান, সরকারি ছুটির দিনগুলোতে যে সময়সূচি কার্যকর থাকে, আজও সেটিই অনুসরণ করা হচ্ছে। সে অনুযায়ী উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। অপরদিকে, মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৭টা ১৫ মিনিটে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।





