জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আগামী নির্বাচনে এনসিপি এখন পর্যন্ত ৩০০ আসনে নিজেদের প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই নিজেদের সংগঠনকে শক্তিশালী করার জন্য প্রস্তুতি নিচ্ছে।
আমরা যদি আমাদের সংগঠনকে শক্তিশালী করতে পারি, ডিসেম্বরের মধ্যে যদি প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি থাকে, তাহলে ৩০০ আসনে আমরা শক্তিশালী প্রার্থী দিতে পারব।’
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নগরীর একটি হোটেলে ময়মনসিংহ বিভাগের ৪টি জেলার আহ্বায়ক এবং সদস্য সচিববের সাক্ষাৎ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘আগামী নির্বাচনে ২৪-এর অভ্যুত্থানে যাদের নির্দেশে হাজারের অধিক মানুষকে খুন করা হয়েছে, গণহত্যা করা হয়েছে, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড থেকে শুরু করে হাজার হাজার গুম, খুন বিচারবহির্ভূত হত্যা করেছে সেই খুনিরা এই বাংলাদেশে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই।’
আগামী ১৫ নভেম্বরের মধ্যে উত্তরাঞ্চলের আহ্বায়ক কমিটি গঠন হবে বলে জানিয়ে তিনি বলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি থাকবে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে কিংবা দলের সাংগঠনিক ভিত্তি বা রাজনৈতিক শক্তিমত্তা জনগণের সঙ্গে সম্পৃক্ততা এসব ভিত্তির জন্য সংগঠনকে শক্তিশালী করা অতীব জরুরি। সে লক্ষ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা-উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন করা হচ্ছে।’





