সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মানহানির মামলা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুর অতিরিক্ত সিএমএম আদালতে এ মামলা করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। মামলার শুনানি শেষে আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব সিআইডিকে দিয়েছেন।
বাদী তানভীর সিরাজ জানান, অপরাধী চক্রের একটি ঘটনার ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনা ঘটে। অথচ এ বিষয়ে সঠিক তথ্য না জেনেই সারজিস আলম বিএনপিকে জড়িয়ে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়েছেন, যা দলের সুনাম ও ভাবমূর্তির ক্ষতি করেছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ীই এ মামলা করা হয়েছে।
মামলার আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, সারজিস আলম অতীতেও বিএনপিকে ঘিরে এমন বিভ্রান্তিকর প্রচার চালিয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড দলের নেতাকর্মীদের মানসিকভাবে আঘাত করেছে। আদালত প্রাথমিক শুনানি শেষে বিষয়টি তদন্ত করে দেখার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।





