আগামী ২৪ ঘণ্টায় দেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ এবং কিছু এলাকায় অতিভারিও বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন অঞ্চলে অবস্থানরত নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গতকাল সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। আজ মঙ্গলবার সকাল ৬টায় এটি লঘুচাপ আকারে ছত্তিশগড় ও তৎসংলগ্ন পূর্বমধ্য প্রদেশ এলাকায় অবস্থান করছে এবং এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে।
মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং অন্যত্র মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরেও এটি প্রবল অবস্থায় বিরাজ করছে।
গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত) দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়, যেখানে ৬০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রাও ছিল ওই এলাকায়, ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী দিনগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।







