বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সম্প্রতি দেওয়া বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সারাদেশে যে সমব্যথা রয়েছে, সেক্ষেত্রে সিইসির মন্তব্য উদ্বেগজনক এবং এর ব্যাখ্যা প্রয়োজন।

সোমবার (১৫ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “একজন বিপ্লবী আহত হওয়ার পর সরকার নড়েচড়ে বসবে—এমন সরকার আমরা চাই না।” তিনি আরও বলেন, “৫৪ বছর ধরে জাতির ভাগ্য চোরাবালিতে হারিয়ে গেছে। অভ্যুত্থানের যে ঐক্য তৈরি হয়েছিল, তা ধরে রেখে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে। জামায়াত ক্ষমতায় এলে সব দলকে নিয়ে সরকার গঠন করে জাতিকে ঐক্যবদ্ধ করা হবে।”

ফ্যাসিবাদ প্রসঙ্গে তিনি বলেন, “অনেকে ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করলেও জামায়াত কখনো আপোষ করেনি। ভবিষ্যতেও অন্যায়ের সঙ্গে আপোষ হবে না।”

শফিকুর রহমান সাংবাদিকদের উদ্দেশে আরও বলেন, “আমাদের ভালো না লাগলে পুরো মিডিয়া ব্ল্যাকআউট করুন, কিন্তু খণ্ডিত অংশ প্রচার করে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াবেন না। ন্যায্য ও সত্য সমালোচনা আমরা গ্রহণ করবো। তবে জাতিকে ক্ষতিগ্রস্ত করা যেন না হয়।”

অন্যদিকে, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, “যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মানুষ স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছে, তা এখনও পূর্ণ হয়নি। ওসমান হাদির ওপর হামলাকারীরা এখনও গ্রেপ্তার হয়নি। সরকারের ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ হওয়া উচিত।”

কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম বলেন, “গত ৫৪ বছরে দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পাননি। অভ্যুত্থানের মাধ্যমে যে ঐক্য গড়ে উঠেছিল, তা ধরে রাখতে ব্যর্থতার ফলেই হাদির ওপর হামলার ঘটনা ঘটেছে।”