আন্তর্জাতিক প্রতিযোগিতায় যাচ্ছে মাহমুদা সুলতানা রীমার ‘লোক’

বন্ধুদের নিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘লোক’ এবার যাচ্ছে আন্তর্জাতিক আসরে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে আয়োজিত ফ্যান্টাস্টিক ফিল্ম ফ্যাস্টিভ্যালের মূল প্রতিযোগিতা বিভাগ ‘ফ্যান্টাস্টিক শর্টস’-এ লড়বে এটি।

পরিচালক মাহমুদা সুলতানা রীমা বলেন, “লোক আসলে রূপকধর্মী গল্প। ভৌতিক আর লোককথার মিশ্রণে আমরা বাস্তবতা ও কল্পনার মাঝামাঝি এক জগৎ নির্মাণ করেছি। দর্শক যেন নিজেকে প্রশ্ন করে—এই চেষ্টা করেছি।”
অভিনেত্রী তানজিনা রহমান তাসনিম বলেন, “লোক আমার জীবনের বিশেষ একটি কাজ। ভেবেও দেখিনি দেশের বাইরে এমন স্বীকৃতি পাবে। পুরো টিমের জন্য এটি আনন্দ ও গর্বের।”

সাভারে চিত্রায়িত ছবিটিতে আরও অভিনয় করেছেন জাহিদুল হক অপু, রিজভী রিজু, লিমন, শেহরিন খান, আল-আমিন হাসান নির্ঝর, আদেল ইমাম অনুপ, ইবনে নূর রাকিব, সাইফুর রাতুল, অনিক, সৈকত প্রমুখ।

নির্বাহী প্রযোজক ও সম্পাদক কনক খন্দকার। ক্যামেরায় রাফি উদ্দিন, সংগীতে অভিষেক ভট্টাচার্য, পোশাকে নাবিলা ইলিয়াছ তারিন, আর শিল্প নির্দেশনায় ছিলেন সাদিয়া সিরাজ সাবা ও কানিজ ফাতেমা লাবণ্য।

প্রসঙ্গত, ২০০৫ সাল থেকে ফ্যান্টাস্টিক ফিল্ম ফ্যাস্টিভ্যাল ভৌতিক, ফ্যান্টাসি, কল্পবিজ্ঞান, অ্যাকশন ও কাল্ট ধারার চলচ্চিত্রের জন্য বিশ্বের অন্যতম বড় আয়োজন হিসেবে পরিচিত। এবারের ২০তম আসর বসছে আগামী ১৮–২৫ সেপ্টেম্বর।