আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সাইফ মোস্তাফিজ।
বুধবার (১৯ নভেম্বর) তিনি জুলাই গণঅভ্যুত্থান এর শহীদ পরিবার ও আহতদের নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
পরে বিষয়টি নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করে তিনি লিখেন, “আলহামদুলিল্লাহ! জুলাই গণঅভ্যুত্থান এর শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সিরাজগঞ্জ-৬ আসনের পক্ষে মনোনয়ন তুললাম। যেই মানুষগুলোর ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের দাওয়াত করেছিলাম যেন উপস্থিত থেকে দোয়া করেন। তারা এসে দোয়া দিয়েছেন। আপনারাও দোয়া করবেন যাতে জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য রাজনীতি চালিয়ে যেতে পারি।”
এ আসনে বিএনপি থেকে ড. এম এ মুহিত এবং জামায়াতে ইসলামী থেকে অধ্যাপক মিজানুর রহমানকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ফলে এনসিপি-এর কেন্দ্রীয় নেতা সাইফ মোস্তাফিজকে আলোচিত এই দুজন প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।





