সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দিতে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
দলীয় সূত্র জানায়, আগামী ২৪ জানুয়ারি নির্বাচনী সফরের অংশ হিসেবে তিনি সিরাজগঞ্জে অবস্থান করবেন। ওই দিন বেলা ২টায় সিরাজগঞ্জ শহরের ইসলামীয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম।
এ জনসভাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং জনসভায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
জনসভা সফল করতে জেলা আমিরের সভাপতিত্বে একটি প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় সিরাজগঞ্জ শহর ও জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।





