সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুনেইত্রা প্রদেশের একটি গ্রাম ঘিরে রেখে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখান থেকে বিভিন্ন সময় বাসিন্দাদের ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সর্বশেষ শুক্রবার এক বেসামরিক ব্যক্তিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এ তথ্য জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, ছয়টি সামরিক যান নিয়ে ইসরায়েলি বাহিনী দক্ষিণ কুনেইত্রার সাইদা আল-হানৌত গ্রামে প্রবেশ করে। সেখানে কয়েকজন রাখালকে থামিয়ে তাদের একজনকে আটক করা হয়।পরে বাহিনীটি আল-রাজানিয়াহ গ্রামের দিকেও অগ্রসর হয় এবং সাইদা আল-গোলানের সংযোগ সড়কে একটি চেকপোস্ট স্থাপন করে। কিছু সময় পর তারা এলাকা ত্যাগ করে।
ঘটনাটি নিয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েল বা সিরিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।





