সিলেট নগরীতে দারিদ্র বিমোচন ও স্বনির্ভরতা সৃষ্টির লক্ষ্যে সিলেট মহানগর শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার নগরীর মিরাবাজার এলাকায় জনকল্যাণ তহবিলের অর্থায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, যাকাতভিত্তিক অর্থব্যবস্থা নিশ্চিত করতে পারলে সমাজ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব। জামায়াত দারিদ্র্যমুক্ত স্বনির্ভর জাতি গঠনে কাজ করছে এবং সমাজের প্রতিটি স্তরে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়।
তিনি আরও বলেন, সমাজের হতদরিদ্র মানুষেরা আমাদেরই আপনজন। সামর্থবানদের উপর তাদের হক রয়েছে। যথাযথভাবে সেই হক আদায় করা মুমিনের দায়িত্ব। গরিব সারা জীবন গরিব থাকবে—এ শিক্ষা ইসলাম দেয় না; বরং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের স্বনির্ভর করে তুলতে হবে। ছাগল বিতরণের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো হালাল উপার্জনের পথ পাবে এবং তাদের পরিবারের ভরণপোষণ চালিয়ে যেতে সক্ষম হবে।
অনুষ্ঠানে মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সদর উপজেলা আমীর নাজির উদ্দিন, মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী ও ২৪নং ওয়ার্ড সভাপতি আহমদ আল মাসউদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।





