নিজস্ব প্রতিবেদক | সিলেট: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিমেবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।
সোমবার (২৭ এপ্রিল) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী আগামী চার বছর এই দায়িত্ব পালন করবেন। তিনি বিদায়ী উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল পাটোয়ারীর স্থলাভিষিক্ত হলেন।
নিয়োগের শর্তাবলী:
উপাচার্য পদে যোগদানের আগে তাঁকে বর্তমান সরকারি চাকরি থেকে অব্যাহতি নিতে হবে।
তিনি ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮’ এর ১২ ধারা অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
নিয়োগকালীন সময়ে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন ও ভাতাদি প্রাপ্ত হবেন।
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
সিলেটের চিকিৎসা অঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব ও দক্ষ প্রশাসক হিসেবে ডা. জিয়াউর রহমান চৌধুরীর বিশেষ খ্যাতি রয়েছে। তাঁর এই নিয়োগের খবরে সিলেটের চিকিৎসক সমাজ ও সচেতন মহলে আনন্দের জোয়ার বইছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, তাঁর সুদক্ষ নেতৃত্বে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আরও আধুনিক ও গতিশীল হয়ে উঠবে।





