সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশে শোকের ছায়া নেমেছে। তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর তিনটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে, যেখানে লাখো মানুষ অংশগ্রহণ করেন। একই সময়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের উদ্যোগ নেয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিলেট স্টেডিয়ামের গ্রিন গ্যালারির সামনের অংশে প্রার্থনায় অংশ নেন চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলোয়াড় ও সাংবাদিকরা।
এর আগে, বিসিবি খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে। তাদের বিবৃতিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীরভাবে শোকাহত।
বিসিবি আরও জানায়, প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে দেশের ক্রিকেট উন্নয়নে খালেদা জিয়ার অবদান গুরুত্বপূর্ণ ছিল। তার সমর্থন ও পৃষ্ঠপোষকতায় দেশের ক্রিকেট অবকাঠামো উন্নত হয়েছিল এবং ক্রিকেট অগ্রগতির পথে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
প্রসঙ্গত, গত ৩৯ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় মৃত ঘোষণা করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
আজ দুপুর তিনটায় তার জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে প্রয়াত স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। এই উপলক্ষে আজ বুধবার এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।





