জেলা প্রতিনিধি, সিলেট : বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সিলেটজুড়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলা জমে উঠেছে প্রাণের উৎসবে। শহর থেকে গ্রাম—সবখানেই মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এসব মেলায় উঠে এসেছে বাংলার চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের নানা অনুষঙ্গ। মেলায় দেখা গেছে নাগরদোলা, পুতুল নাচ, বাঁশি, মাটির তৈরি খেলনা, হস্তশিল্পসহ বিভিন্ন গ্রামীণ পণ্যের সমাহার। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ আনন্দে মেতে উঠেছেন।
বিশেষ করে গ্রামীণ খাবারের স্টলগুলোতে ছিল দর্শনার্থীদের ব্যাপক ভিড়। পান্তা-ইলিশ, চিড়া-মুড়ি, বিভিন্ন ধরনের পিঠা-পুলি যেন বৈশাখের স্বাদকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
মেলায় আগত দর্শনার্থীরা জানান, এমন আয়োজন তাদেরকে গ্রাম বাংলার শেকড়ের সাথে নতুন করে পরিচিত করে এবং নববর্ষ উদযাপনে যোগ করে বাড়তি আনন্দ।
নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয়রা।
উৎসবমুখর পরিবেশে সিলেটের বৈশাখী মেলা হয়ে উঠেছে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও মিলনমেলার এক অনন্য উদাহরণ।





