জেলা প্রতিনিধি, সিলেট 
সিলেট নগরীতে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে টানা বিশেষ অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করেছে সিলেট মহানগর পুলিশ। অভিযানে ড্রেনের ভেতর লুকিয়ে থাকা আস্তানা থেকেও বের করে আনা হয় পেশাদার ছিনতাইকারীদের।


শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল থেকে রবিবার (১ মার্চ) বিকাল পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচালিত অভিযানে এই গ্রেফতার কার্যক্রম সম্পন্ন হয়।

ড্রেনের ভেতর থেকে ৭ ছিনতাইকারী আটক

রবিবার ভোর আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্দরবাজার এলাকার রঙমহল টাওয়ার সংলগ্ন একটি ড্রেনে অভিযান চালায় কোতোয়ালী থানা পুলিশ। সেখান থেকে ৭ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি চাকু ও ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—ইমন আহমদ (২০), ইমন (১৮), শাহান আহমদ (১৮), ইয়াসিন (১৮), রুবেল (২১), হৃদয় আহমদ (১৮) ও শওকত মিয়া (৩০)।

কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

এদিকে শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বাগবাড়ী পিডিবি গেট এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে আটক করা হয়। তারা চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে পুলিশ জানায়।

ইয়াবাসহ ৫ জন আটক

শনিবার রাত সাড়ে ১০টার দিকে লালাদিঘীরপাড় এলাকা থেকে আব্দুল মমিন তিহাম (২৬) নামের এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা জব্দ করা হয়।

অপরদিকে, রবিবার রাত সোয়া ১টার দিকে বন্দরবাজার মহাজনপট্টি এলাকা থেকে ১৪ পিস ইয়াবাসহ তারেক আহমদ (২২) ও মো. নাজিম (২৪) নামে দুইজনকে আটক করে পুলিশ।

পৃথক অভিযানে আরও গ্রেফতার

এছাড়া নগরীর কাষ্টঘর এলাকা থেকে আব্দুর রহিম নামে এক ছিনতাইকারী ও কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়। একই দিনে শাহপরাণ থানা পুলিশ গোটাটিকর এলাকা থেকে মো. সাদ্দাম হোসেন (৩০) নামে এক সক্রিয় ছিনতাইকারীকে আটক করে। তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।



সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদকে সামনে রেখে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।